কৃষির মৌলিক ভিত্তিগুলি নিয়ে কৃষক আন্দোলন চান প্রাক্তন মুখ্যমন্ত্রী
কৃষির মৌলিক ভিত্তিগুলি নিয়ে কৃষক আন্দোলন চান প্রাক্তন মুখ্যমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ

কৃষক আন্দোলনের মূল ভিত্তি হোক কৃষিজ মৌলিক বিষয়গুলি ।অন্যথায় কৃষকদের জীবনের সমস্যার সমাধান হবার নয় ।শুক্রবার সারা ভারত কৃষক সভার তৃতীয় পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলনে কৃষকদের এই পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যগুলিতে কৃষি এবং সাধারণ কৃষকদের স্বার্থ বিপন্ন হচ্ছে ।কৃষকদের স্বার্থ রক্ষায় কোন উদ্যোগ দেখা যাচ্ছে না ।শুক্রবার সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলার তৃতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।এদিন জেলা সম্মেলন উপলক্ষে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি ।বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত চারটি শ্রম কোডের তুমুল বিরোধিতা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,বড় বড় শিল্পপতি এবং কলকারখানার মালিকদের স্বার্থ রক্ষায় ৩০ টির মতো শ্রম আইন বাতিল করে বর্তমান কেন্দ্রীয় সরকার চারটি শ্রমকোড চালু করেছে। অথচ দেশের কৃষকরা পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এবং স্বাধীনতা উত্তর সময়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্বার লড়াই করে ৩০ টির মতো শ্রম আই ন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছিল ।প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ উপেক্ষা করে দেশ এবং দেশের বাইরে শিল্পপতিদের কৃষি ক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিচ্ছে। এতে কৃষক এবং কৃষি সর্বনাশ হচ্ছে। পাশাপাশি নিজেদের লুণ্ঠনের পাহাড় আরও ব্যাপ্তি পাচ্ছে ।এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরামর্শ ,কৃষির জন্য সাহায্য চাই ,উৎপাদিত ফসল বাজারে সহায়ক দামে বিক্রির জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা চাই -এই মৌলিক বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন সংঘটিত করতে হবে ।নতুবা কৃষকদের জীবনের সমস্যার সমাধান করা সম্ভব হবে না ।তিনি আরো বলেন ,এই ক্ষেত্রে দেশের সার্বিক আর্থিক বিকাশও ব্যাহত হবে ।তাই দেশ ,বিভিন্ন রাজ্য ও জেলাগুলিতে এই মৌলিক বিষয়গুলিকে সামনে রেখে শক্তিশালী কৃষক আন্দোলন সংঘটিত করে তোলার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

এই সমাবেশে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।সমাবেশে উপস্থিতির হার লক্ষণীয় থাকলেও কৃষক শ্রেণীর জনগণের উপস্থিতি কতটা ছিল সেই বিষয়ে সন্দেহ রয়ে গেছে।

আরো পড়ুন