এন.ডি.আর.এফ -এর সকল ব্যর্থ প্রচেষ্টার মধ্যেই পাঁচ দিন পর শুক্রবার সাতসকালে
পত্রদূত প্রতিনিধিঃ
এন.ডি.আর.এফ -এর সকল ব্যর্থ প্রচেষ্টার মধ্যেই পাঁচ দিন পর শুক্রবার সাতসকালে আপনা আপনিই ডুম্বুরের জলে ভেসে উঠলো হতভাগ্য দমজিৎ চাকমার নিথর মৃতদেহ। শোকের ছায়া সর্বত্র। প্রসঙ্গত রবিবার দাদুর সঙ্গে গন্ডাছড়া মহকুমার রানীপুকুর এডিসি ভিলেজের বসবাসরত জুমিয়া পরিবারের বছর আঠারোর যুবক দমজিৎ চাকমা কুল বড়োই বিক্রির উদ্দেশ্যে মহকুমার নারকেলকুঞ্জে যায়। বড়োই বিক্রি শেষে দাদুর সঙ্গেই নৌকা করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় দমজিৎ চাকমা। দমজিৎ চাকমার দাদু জানান নৌকাটি রওয়ানা দেওয়ার কিছুক্ষন পরই হঠাৎ করে নৌকা থেকে ডুম্বুরের জলে পড়ে যায় দমজিৎ।শুরু হয় খোঁজাখুঁজি। সংবাদ পেয়েই নারকেলকুঞ্জে পৌঁছান প্রশাসনিক কর্মকর্তারা। পৌঁছে যায় মহকুমার গন্ডাছড়া এবং রইস্যাবাড়ির অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তল্লাশির কাজে হাত লাগান মহকুমার এসডিআরএফ এবং সিভিল ডিফেন্স -এর কর্মীরা। খবর পাঠানো হয় রাজ্য এনডিআরএফ দপ্তরে। নারকেলকুঞ্জে পৌঁছান এনডিআরএফ কর্মীরা। পাঁচ দিনে বহু তল্লাশি করেও দমজিতের কোন খোঁজ দিতে পারেনি উদ্ধারকারীরা। পরিশেষে পাঁচ দিন পর শুক্রবার সাতসকালে নারকেলকুঞ্জের পাশেই ডুম্বুরের জলে ভেসে উঠলো হতভাগ্য দমজিৎ চাকমার নিথর মৃতদেহ। দমজিতের মৃতদেহকে সনাক্ত করেন তার পরিবার পরিজনরা। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















































