ইরানের পাহলভি ‘ভালো মানুষ’, তবে দেখা করবেন না ট্রাম্প
পত্রদূত প্রতিনিধিঃ ইরানে চলমান বিক্ষোভ তীব্রতর হওয়ার মাঝেই দেশটির নির্বাসিত 'যুবরাজ' রেজা পাহলভির সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প পাহলভিকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে অভিহিত করলেও বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করাকে ‘যৌক্তিক নয়’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের এই অবস্থান থেকে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে যে ইরানে যদি সরকার পতন বা শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আসেও, তবে তড়িঘড়ি করে পাহলভিকে দেশটির পরবর্তী নেতা হিসেবে সমর্থন দিতে এখনই প্রস্তুত নয় ওয়াশিংটন।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমাদের উচিত সবকিছু পর্যবেক্ষণ করা এবং দেখা যে পরিস্থিতির মধ্য দিয়ে কে নেতা হিসেবে উঠে আসেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি ইরানের শেষ শাহের পুত্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এর আগে ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পাহলভির সেই প্রস্তাবের প্রতি হোয়াইট হাউসের অনাগ্রহকেই প্রকাশ করছে। এদিকে ইরানে মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক সংকটের কারণে গত মাস থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে, যা দমনে দেশটির সরকার বর্তমানে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে।প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের হামলা বা প্রাণহানি ঘটানো হলে আমেরিকা কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, যদি তারা মানুষকে হত্যা শুরু করে, তবে আমরা তাদের ওপর অত্যন্ত ভয়াবহ আঘাত হানব। অন্যদিকে রেজা পাহলভি বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ইউরোপীয় নেতাদেরও নীরবতা ভেঙে ইরানের জনগণের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।ইরান বর্তমানে এক বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ ও পানির তীব্র সংকট, অন্যদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহর দুর্বল হয়ে পড়া এবং ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটকের মতো ঘটনায় তেহরান তাদের আঞ্চলিক মিত্রদের হারিয়ে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তবে এত চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে বলেছেন, তারা শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন।




















































