ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার
পত্রদূত প্রতিনিধিঃ পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (১ ডিসেম্বর) এ দাবি করে মস্কো। তবে মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধের আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন দাবি করছে।
গুরুত্বপূর্ণ ওই শহর ও হাবটিতে দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলছিল। এটির দখল নিতে রাশিয়ার অনেক সেনা নিহত ও আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের অসংখ্য সেনাও প্রাণ হারিয়েছেন।
যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টা পরই গুরুত্বপূর্ণ শহরটি দখলের দাবি করে মস্কো।
রাশিয়ার এ দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে।’






















































