ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান
ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান

পত্রদূত প্রতিনিধিঃ মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইলফলক যোগ হলো। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধবিমানটি। এর মধ্যদিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করলো তুরস্ক।

তুরস্কের এই মানববিহীন যুদ্ধবিমানের নাম ‘বায়রাকতার কিজিলেলমা’। গত রোববার (৩০ নভেম্বর) তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এক ঘোষণায় জানায়, বায়রাকতার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (বিভিআর) ছুড়ে জেট ইঞ্জিনচালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে।

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এন–সোশ্যালে এক পোস্টে বায়কার জানায়, ‘বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার–টু–এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানলো।’

বায়কার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ–থেকে–আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘গোকদোয়ান’ নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেটচালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পড থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও