কাশ্মীরে রেলসেতুর নেপথ্যে মমতার অবদানের দাবির বিরোধিতা তথাগতর
পত্রদূত প্রতিনিধিঃ কাশ্মীরে রেলসেতুর নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের দাবির প্রকাশ্য বিরোধিতা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন এক্স বার্তায়।তথাগতবাবু লিখেছেন, “উধমপুর-বারামুল্লা রেলপথটি পি ভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভা অনুমোদন করেছিল। অটল বিহারী বাজপেয়ীর আমলে এটি জাতীয় অগ্রাধিকারে উন্নীত হয়। চেনাব সেতু এই প্রকল্পের একটি অপরিহার্য অংশ। এই বিষয়ে যে কোনো উদ্যোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেওয়া মানে প্রয়োজনের বাইরে একটি তাঁর পুণ্য তৈরি করা।”প্রসঙ্গত, সম্প্রতি চেনাব রেল সেতু নরেন্দ্র মোদী উদ্বোধন করলেও কাশ্মীরে রেলের বিস্তৃতির ভাবনা যে তৃণমূল নেত্রীর, শনিবার তা দাবি করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “কালের নিয়মে, প্রকল্প শেষ হতে সময় লেগেছে, তাই বর্তমান প্রধানমন্ত্রী চেনাব রেল সেতু উদ্বোধন করেছেন। কিন্তু ভারতীয় রেলের নথি, ইতিহাস ও সংসদের তথ্য বলছে এই ঐতিহাসিক প্রকল্পের সূচনা এবং ভূস্বর্গে আধুনিক রেল পরিকাঠামোর বিস্তৃতির ভাবনা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের।”




















































